নতুন দায়িত্বে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস..
নতুন দায়িত্বে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস..
চব্বিশের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে পতন হয় দেড় যুগের আওয়ামী অপশাসনের। পালিয়ে বা আত্মগোপনে চলে যান মন্ত্রী, এমপিসহ প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। ফলে দেশ হয়ে পড়ে সরকার বিহীন। সেই বিশেষ মুহূর্তে ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে দেশের হাল ধরেন নোবেল জয়ী একমাত্র বাংলাদেশী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ফ্রান্স থেকে এসে ২০২৪ সালের ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। সে সময় তিনি বলেছিলেন, ইচ্ছা না থাকলেও অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের চাপে এই দায়িত্ব নিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে সেই কর্তব্য পালন শেষ করেছেন তিনি। এরপর নিজের পুরনো অঙ্গনে ফিরে গেছেন।
সরকারপ্রধানের দায়িত্ব হস্তান্তরের চার দিন পর গতকাল রোববার ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারের কাজে ফিরেছেন সদ্য সাবেক হওয়া সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন পুরনো সহকর্মীরা।
ইউনূস সেন্টারের ফেসবুক পেজে অধ্যাপক ইউনূসের সেখানে পৌঁছানো ও ঊষ্ণ অভ্যর্থনা জানানোর খবর দেয়া হয়। বেশ কয়েকটি ছবিও দেয়া হয় সেই পোস্টে। এই পোস্ট অধ্যাপক ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে নেতৃত্ব দিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগের জায়গায় ফিরেছেন। তিনি আজ (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছলে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সাথে বৈঠক করেন।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পদকে ভূষিত হন। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ও গ্রামীণ ব্যাংককে যৌথভাবে এই পুরস্কার দেয়া হয়।
প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর ২০২৪ সালের ২৪ আগস্ট জাতির উদ্দেশে ভাষণে অধ্যাপক ইউনূস বলেছিলেন, আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সঙ্কটকালে ছাত্রদের আহ্বানে আমরা এ দায়িত্ব নিয়েছি।
দায়িত্ব নিয়ে রাষ্ট্রব্যবস্থায় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন অধ্যাপক ইউনূস। সেই সাথে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতিও নিতে থাকে অন্তর্বর্তী সরকার।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন অধ্যাপক ইউনূস। এখনো সেখানেই রয়েছেন। চলতি মাসের শেষ দিকে যমুনা ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ওঠার কথা রয়েছে তার।

Comments
Post a Comment